আপডেট প্রতিনিধি, বিশালগড়, ০৭ নভেম্বর || আবারও প্রশ্নের মুখে বিশালগড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি। শুক্রবার সকালে বিশালগড়ের নিউ মার্কেট এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। প্রকাশ্য বাজারে বিএসএফ জওয়ানদের উপর স্থানীয় কিছু দুষ্কৃতীর হামলায় আহত হয়েছেন পাঁচজন জওয়ান।
সূত্রে জানা গেছে, সকালে কামথানা দিক থেকে গরু বোঝাই একটি গাড়ি বিশালগড়ের দিকে আসছিল। কামথানা বিওপি-র জওয়ানরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পালানোর পথে গাড়িটি বিশালগড় বাজারে প্রবেশ করে এবং দুটি যানবাহনকে ধাক্কা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ-র একটি দল বাজারে পৌঁছাতেই হঠাৎই কয়েকজন দুষ্কৃতী জওয়ানদের লক্ষ্য করে হামলা চালায় এবং বিএসএফের গাড়ি ভাঙচুর করে। ঘটনায় পাঁচজন জওয়ান আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় থানার পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা। তারা বাজারে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন—“যারা সীমান্তে দাঁড়িয়ে নিজেদের জীবন বাজি রেখে দেশ রক্ষার কাজ করেন, তাঁদের উপর এমন ন্যাক্কারজনক হামলা লজ্জাজনক এবং নিন্দনীয়।”
এদিকে, ঘটনার পর বিশালগড় বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন রয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ।
