আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর || দেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও ‘লৌহপুরুষ’ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সোমবার সকালে রাজধানী আগরতলার ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় “সর্দার @ ১৫০ ইউনিটি মার্চ”। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।
মুখ্যমন্ত্রী পতাকা উড়িয়ে এই ঐক্য যাত্রার সূচনা করেন। উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু হওয়া পদযাত্রাটি হাপানিয়া পর্যন্ত গিয়ে পৌঁছায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায়, অন্যান্য মন্ত্রী, বিধায়কসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
মুখ্যমন্ত্রী বলেন, “উজ্জয়ন্ত প্রাসাদ থেকে ইউনিটি মার্চের সূচনা করতে পেরে আমি গর্বিত। ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই পদযাত্রা তাঁর অমর উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদন — যা জাতীয় ঐক্য, শক্তি ও দেশগঠনের প্রতীক।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষার্থে সর্দার প্যাটেলজির কর্মময় ও অনুপ্রেরণাদায়ক জীবন সর্বদা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।”
এই কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
