পঞ্চম ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা–২০২৫: দুই দিনে আগরতলায় সাহিত্য–সংস্কৃতির মহোৎসব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || প্রকাশনা মঞ্চের অষ্টম বর্ষ উদযাপন উপলক্ষে এবং এগিয়ে চল সংঘের সহযোগিতায় আগরতলার মেলারমাঠ প্রাঙ্গণে ১৯ ও ২০ই নভেম্বর অনুষ্ঠিত হলো পঞ্চম ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা–২০২৫। দু’দিনব্যাপী এই অনুষ্ঠান হয়ে উঠল কবি, সাহিত্যিক, সম্পাদক, পাঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এক বর্ণাঢ্য মিলনমেলা।
১৯ তারিখ বিকেলে কথাসাহিত্যিক শ্যামলাল দেববর্মা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সূচনা হয়। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কবি–সম্পাদক বিকাশ সরকার, ড. নির্মল দাশ, মিলনকান্তি দত্ত, ড. আশীষকুমার বৈদ্য, কবি এস গম্ভিনী প্রমুখ। সভাপতিত্ব করেন প্রকাশনা মঞ্চের সভাপতি নিয়তি রায়বর্মণ। থিম সংগীত, সমবেত ‘বন্দে মাতরম’ পরিবেশনা, বৃক্ষরোপণ ও প্রয়াত ছয় সাহিত্য–সংস্কৃতি ব্যক্তিত্বকে স্মরণ করে আলোচনা—উদ্বোধনী পর্বকে করে তোলে গাম্ভীর্যপূর্ণ। হাতেখড়ি শিল্পীবৃন্দের আবৃত্তি ও আনন্দনগর কালচারাল নৃত্য একাডেমির নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
একই সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভাষা ও সাহিত্যভিত্তিক বিভিন্ন আলোচনা এবং আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ। মানভূমের বাংলাভাষা আন্দোলন, ধ্রুপদী বাংলা ভাষা এবং সমকালীন সাহিত্য–ভাবনা নিয়ে আলোচনায় যোগ দেন রাজ্যের পরিচিত গবেষক–সাহিত্যিকেরা।

২০শে নভেম্বর সকালে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কর্মসূচি। এরপর সারাদিন ধরে লিটল ম্যাগাজিনের সুখ–দুঃখ, ত্রিপুরার প্রকাশনা আন্দোলনের সম্ভাবনা, লোকসংস্কৃতির বিবর্তন, নতুন প্রজন্মের লেখালিখি, অন্য ভাষায় সাহিত্যচর্চা—সহ বহু গুরুত্বপূর্ণ বিষয়ে পরপর আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি চলে কবিতা পাঠ, গল্পপাঠ, সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশনা।
সন্ধ্যায় আয়োজিত সম্মাননা পর্বে রমাপ্রসাদ দত্ত স্মৃতি সম্মাননা পেলেন সম্পাদক নকুল রায়, হিমাদ্রি দেব স্মৃতি জীবনকৃতি সম্মাননা পান প্রাবন্ধিক বিমান ধর, এবং তরুণ কবি তপন দেবনাথ স্মৃতি সম্মাননা প্রদান করা হবে কবি রূপন মজুমদারকে। বসো আঁকো প্রতিযোগিতার পুরস্কারও এদিন তুলে দেওয়া হয়। দিনশেষে ধামাইল নৃত্যের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

দুই দিনের এই সাহিত্যোৎসব ত্রিপুরার লিটল ম্যাগাজিন আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করল—এমনই মত সাহিত্যমহলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*