গোপাল সিং, খোয়াই, ১৫ ডিসেম্বর || সোমবার খোয়াই জাম্বুরাস্থিত শিব–গোরক্ষনাথ মন্দিরে অনুষ্ঠিত মহা রুদ্রযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আশীর্বাদ প্রার্থনা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উড়িষ্যার কিয়ার ব্যাঙ্ক মঠের চতুর্দশ মহন্ত, নাথপন্থের প্রখ্যাত সাধক যোগী শিবনাথজী মহারাজ।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, সমাজসেবী প্রণব বিশ্বাস সহ স্থানীয় নাথ সম্প্রদায়ের অনুগামীরা। জানা যায়, নাথপন্থের প্রোজ্জ্বল আলোকবর্তিকা মহন্ত যোগী শিবনাথজী মহারাজ উড়িষ্যার কেন্দ্রাপাড়া জেলার কিয়ার ব্যাঙ্ক মঠ থেকে গত ১২ ডিসেম্বর ত্রিপুরায় আগমন করেন। তাঁরই পবিত্র উপস্থিতিতে আজ ১৫ ডিসেম্বর খোয়াই জাম্বুরা শিব–গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি কামনায় ১৩তম মহা রুদ্রযজ্ঞ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহাযোগী গোরক্ষনাথের সাধনাধারাকে কেন্দ্র করে রুদ্র মহাযজ্ঞ ছাড়াও শৈব পরম্পরায় দীক্ষা প্রদান, উপনয়ন দীক্ষা এবং যোগী শিবনাথজী মহারাজের শ্রীমুখ নিঃসৃত অমৃতবাণী শ্রবণের সুযোগ পান ভক্তবৃন্দ।
অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, এই ধরনের আধ্যাত্মিক আয়োজন সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে। তিনি দেশ ও রাজ্যের সার্বিক কল্যাণ কামনা করেন।
মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘ, খোয়াই শাখার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও সাধু–সন্ন্যাসীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
