আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর || রাজ্যে রেল পরিকাঠামো আরও মজবুত করার লক্ষ্যে জিরানীয়া থেকে বোধজংনগর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের জন্য সমীক্ষা চালানোর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক। এই সিদ্ধান্তকে রাজ্যের শিল্প ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবিত জিরানীয়া–বোধজংনগর রেললাইনটি কার্যকর হলে শিল্পনগরী বোধজংনগর থেকে বিভিন্ন শিল্পজাত পণ্য পরিবহণে রেল করিডোর হিসেবে তা বিশেষ ভূমিকা পালন করবে। এর ফলে শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষও উপকৃত হবেন বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।
সমীক্ষা শেষে রেললাইন স্থাপনের কাজ শুরু হলে পশ্চিম জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলিতেও শিল্প উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিল্প সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য গতি আসবে বলেই মত বিশেষজ্ঞদের।
এই প্রকল্প রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি সমগ্র অঞ্চলের আর্থিক ও শিল্পগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে। রেল মন্ত্রকের এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
