গোপাল সিং, খোয়াই, ১৬ ডিসেম্বর || মঙ্গলবার খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের নবীনবরণ অনুষ্ঠান খোয়াই নতুন টাউন হলে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড. খোকন মজুমদার।
নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর–প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, সমাজসেবক সমীর কুমার দাস, অনুকূল দাস, অনিমেষ নাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ বলেন, রাজ্য সরকার ছাত্র ও শিক্ষক স্বার্থে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে শিক্ষকের প্রতি ছাত্রের যে গভীর সম্মান ও শ্রদ্ধার ঐতিহ্য রয়েছে, তা যেন ভবিষ্যতেও অটুট থাকে। শৃঙ্খলা, সংগঠিত জীবনযাপন ও দায়বদ্ধতা শিক্ষার মাধ্যমেই গড়ে ওঠে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে, যখন সবাই ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ করবে। এই ক্ষেত্রে তরুণ প্রজন্মই দেশের সবচেয়ে বড় শক্তি ও মূল ভিত্তি বলে তিনি মন্তব্য করেন।
নবীন ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বক্তারা তাদের সুশিক্ষা, মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
