ঋণ পরিশোধ ঘিরে উত্তেজনা— ব্যাঙ্কে জমি বিক্রির টাকা তুলতে এসে স্বসহায়ক দলের ঘেরাও, মহিলা থানায় গড়াল বিরোধ

গোপাল সিং, খোয়াই, ১৬ ডিসেম্বর || এক সমিতির অধীনস্থ স্বসহায়ক দল থেকে নেওয়া ঋণ পরিশোধ না করাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে খোয়াই থানাধীন অফিসটিলা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, ২০১৯ সালে এক লক্ষ টাকা ঋণ নেওয়ার পর দীর্ঘ ছয় বছরেও এক টাকাও পরিশোধ করেননি লালটিলা এলাকার বাসিন্দা রমা মালাকার নামে এক মহিলা।
ঘটনার বিবরণে জানা যায়, উত্তর রামচন্দ্রঘাটের কল্যাণময়ী সমিতির টগর স্বসহায়ক দল থেকে ২০১৯ সালে রমা মালাকার ওই ঋণ গ্রহণ করেন। কিন্তু ঋণ নেওয়ার পর থেকে আসল বা সুদ— কোনও অর্থই পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন সমিতির সদস্যরা। মঙ্গলবার সকালে নিজের জমি বিক্রির টাকা তুলতে তিনি ব্যাঙ্কে এলে বিষয়টি জানতে পেরে সমিতির সদস্যরা সেখানে গিয়ে তাকে ঘেরাও করেন।
খোয়াই জিলা পরিষদের কার্য্যালয় চত্বরে দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা। সমিতির সদস্যদের দাবি, এই টাকা সরকারি প্রকল্পের আওতায় দেওয়া হয়েছিল এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা সিএলএফে জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু ঋণগ্রহীতার কাছ থেকে টাকা আদায় না হওয়ায় তারা বড় সমস্যায় পড়েছেন।
অন্যদিকে রমা মালাকারের স্বামী মধুসূদন মালাকার জানান, তিনিই মূলত ঋণটি নিয়েছিলেন এবং কিছু টাকা পরিশোধও করেছিলেন। তবে দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে বাকি টাকা পরিশোধ করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, সমিতির পক্ষ থেকে তাদের রেশন তুলে নেওয়া হয়েছে এবং ঋণ পরিশোধের জন্য পরিবারকে হুমকিও দেওয়া হয়েছে।
মধুসূদন মালাকার আরও জানান, বর্তমানে প্রায় ৮০ হাজার টাকা বকেয়া রয়েছে। তিনি জমি বিক্রির টাকা থেকে ৫০ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি মিটিয়ে নিতে চাইলেও সমিতি সম্পূর্ণ এক লক্ষ টাকা এককালীন পরিশোধের দাবিতে অনড় রয়েছে। সম্পূর্ণ টাকা একসঙ্গে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলেও তিনি জানান। উভয় পক্ষের তীব্র বাকবিতণ্ডার পর শেষ পর্যন্ত বিষয়টি খোয়াই মহিলা থানায় গড়ায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*