সমবায়ের মাধ্যমে উন্নয়নের বার্তা, তেলিয়ামুড়ায় প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ ডিসেম্বর || সোমবার তেলিয়ামুড়া নেতাজিনগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্য সরকারের সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার, বিশিষ্ট সমাজসেবক অচিন্ত্য ভট্টাচার্যী, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, গোপাল বর্মন, তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নীতিন সাহা, কো-অপারেটিভ সোসাইটির ম্যানেজার সমীর ভট্টাচার্যী সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।
এদিনের বার্ষিক সাধারণ সভায় সোসাইটির ম্যানেজার সমীর ভট্টাচার্যী গত এক বছরে সোসাইটির আয়-ব্যয়ের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে সোসাইটির বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন।
উদ্বোধনী ভাষণে সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বর্তমান সরকারের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি ও সমবায় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী ও শক্তিশালী করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। সকলের সহযোগিতায় সমবায় ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমবায় ব্যবস্থার ভূমিকা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সব মিলিয়ে এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সদস্য ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*