আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর || অনিবার্য কারণবশত আগামীকাল, ২৩শে ডিসেম্বর ২০২৫ থেকে অনির্দিষ্টকালের জন্য আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সমস্ত ভিসা ও কনস্যুলার পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন।
জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকমিশনের অধীনে সকল প্রকার ভিসা প্রদান ও কনস্যুলার পরিষেবা কার্যক্রম স্থগিত থাকবে। ফলে বাংলাদেশে যাতায়াত সংক্রান্ত ভিসা আবেদন, কাগজপত্র যাচাইসহ অন্যান্য কনস্যুলার পরিষেবায় সাময়িক অসুবিধার মুখে পড়তে পারেন সাধারণ আবেদনকারীরা।
উল্লেখ্য, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ঘিরে সীমান্তবর্তী অঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত পরিষেবা পুনরায় চালু হওয়ার বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
