আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর || বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত ধারাবাহিক হিংসাত্মক ঘটনায় সংখ্যালঘু পরিবার থেকে শুরু করে সাংবাদিক ও তাঁদের পরিবারের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আগরতলার প্রেস ক্লাবের সামনে সোমবার এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কালো ব্যাজ পরিধান করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলি, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রণব সরকার, সহ-সভাপতি সুরজিৎ পাল, চিত্রা রায় সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা। বক্তারা তাঁদের বক্তব্যে বাংলাদেশে ক্রমবর্ধমান হিংসা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ও সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তাঁরা অবিলম্বে এই ধরনের হিংসাত্মক ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের সুরক্ষা বজায় রাখতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করা হয়।
ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক সমাজের উপর আঘাত গণতন্ত্রের উপর আঘাতের সামিল এবং এই ধরনের ঘটনার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
