আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি || আগরতলা শহরে পৃথক দুটি চুরির ঘটনার তদন্তে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। পুলিশি অভিযানে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক দু’টো নাগাদ প্যালেস কম্পাউন্ড এলাকার বাসিন্দা মৌমিতা দেববর্মা তাঁর বাড়ির ডাইনিং রুমে খাবার খাচ্ছিলেন। সেই সময় সুযোগ নিয়ে একদল চোর তাঁর বাড়িতে হানা দেয়। চোরেরা বাড়ি থেকে বেশ কিছু দামি সামগ্রী সহ একটি টেবিল ফ্যান চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কুলাই এলাকার বাসিন্দা সুরজ দেববর্মাকে শনাক্ত করে আটক করে। পরে তার কাছ থেকে কাটাখাল এলাকা থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। অভিযুক্ত সুরজ দেববর্মাকে আদালতে পেশ করা হলে দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়।
অন্যদিকে, চলতি মাসের ১১ জানুয়ারি নয়নিয়ামুড়া এলাকার বাসিন্দা বাপন পালের বাড়িতে চার দিনের জন্য রংমিস্ত্রির কাজ করেছিল দু’জন শ্রমিক। পরবর্তীতে বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় ১৬ জানুয়ারি স্বর্ণালংকার খুঁজতে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে সমস্ত স্বর্ণালংকার উধাও। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নামে। তদন্তক্রমে পুলিশ দুই রংমিস্ত্রি—চারিপাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় শর্মা ও প্রতাপ দাসকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ওই স্বর্ণালংকার ক্রয় করার অভিযোগে দোকানদার বিমল রুদ্র পালকেও পুলিশ আটক করে।
মঙ্গলবার পূর্ব থানায় এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান থানার ওসি সুব্রত দেবনাথ। তিনি জানান, দুটি ঘটনার ক্ষেত্রেই তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
