খোয়াইয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ৫৪তম পূর্ণ রাজ্য দিবস ও জেলা স্তরের জনজাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা–২০২৬

গোপাল সিং, খোয়াই, ২১ জানুয়ারি || খোয়াইয়ে আজ উৎসবমুখর পরিবেশে পালিত হলো ত্রিপুরার ‘৫৪তম পূর্ণ রাজ্য দিবস ও জেলা স্তরের জনজাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা–২০২৬’। জেলা উপজাতি কল্যাণ দপ্তর, খোয়াই-এর উদ্যোগে খোয়াই নিউ টাউন হলে অনুষ্ঠিত হয় মুল অনুষ্ঠানটি। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে জনজাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও নৃত্যের বর্ণিল প্রকাশ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কল্যাণপুর–প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিণাকী দাস চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, পূর্ণ রাজ্য দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি ত্রিপুরার বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনজাতীয় ঐতিহ্যকে সম্মান জানানোরও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলাশিখার আরডি ব্লকের বিএসি চেয়ারপার্সন প্রদীপ দেববর্মা, কল্যাণপুর আরডি ব্লকের বিএসি চেয়ারপার্সন ইন্দ্রাণী দেববর্মা, সমাজকর্মী বিনয় দেববর্মা, খোয়াইয়ের আইসিএ-র যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা এবং দশরথ দেব মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক পঙ্কজ চক্রবর্তী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা। তিনি বলেন, জনজাতীয় লোকসংস্কৃতি ও নৃত্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে সমাজে ঐক্য ও সংস্কৃতিচেতনা আরও সুদৃঢ় করা সম্ভব।
জেলা স্তরের জনজাতীয় লোকনৃত্য প্রতিযোগিতায় বিভিন্ন ব্লক ও এলাকার দলগুলি অংশগ্রহণ করে। নৃত্য পরিবেশনার মাধ্যমে জনজাতীয় জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যের মনোমুগ্ধকর প্রতিফলন দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা উপজাতি কল্যাণ আধিকারিক তন্ময় দেবনাথ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*