আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী || Ocean India Industry and Trade Association-এর সহযোগিতায় ইউনিভার্সাল অ্যাডভারটাইজমেন্টের উদ্যোগে রাজধানী Agartalaর Swami Vivekananda Maidan (আস্তাবল ময়দান)-এ শুরু হয়েছে ‘ওশান ওয়ার্ল্ড কার্নিভাল কাম ট্রেড এক্সপো ২০২৬’। আগামী ১৬ মার্চ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই বর্ণাঢ্য আয়োজন।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার কর্মকর্তারা জানান, ট্রেড এক্সপোর পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ওশান ওয়ার্ল্ড কার্নিভাল’, যেখানে প্রায় ৪৫ প্রজাতির প্রায় ৫০ হাজার জলজ মাছ প্রদর্শিত হচ্ছে। বিশেষভাবে নির্মিত অ্যাকোয়ারিয়াম টানেলের মাধ্যমে দর্শনার্থীরা সামুদ্রিক জীবনের এক অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
আয়োজকদের মতে, এই জলজ টানেলটি সকল বয়সের মানুষের জন্য আনন্দদায়ক হলেও বিশেষ করে ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য এটি হবে এক শিক্ষামূলক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের পাশাপাশি শিশুরা তাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করার সুযোগ পাবে।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে অ্যাকোয়ারিয়াম টানেলে ‘মারমেইড’ (জলপরি) প্রদর্শনীও থাকছে, যা দর্শকদের কাছে বিশেষ চমক হয়ে উঠবে। আয়োজকদের দাবি, ত্রিপুরায় এই ধরনের প্রদর্শনী এই প্রথম, যা দর্শকদের জন্য এক আজীবন স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
কার্নিভালের পাশাপাশি প্রায় ১৩০টি ট্রেড স্টল এক্সপোতে অংশগ্রহণ করেছে। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আফগানিস্তানসহ বিদেশি অংশগ্রহণকারীদের উপস্থিতি এক্সপোর পণ্যের বৈচিত্র্যে নতুন মাত্রা যোগ করেছে। একই ছাদের নিচে বিভিন্ন পণ্য কেনাকাটার সুযোগের পাশাপাশি ক্রেতারা সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন।
আয়োজকরা জানান, সাধারণত এ ধরনের আন্তর্জাতিক মানের প্রদর্শনী উপভোগ করতে বিদেশ ভ্রমণের প্রয়োজন হয়। তবে এবার রাজধানী আগরতলাতেই নামমাত্র টিকিটের মূল্যে সেই অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পাচ্ছেন ত্রিপুরাবাসী। পরিবার-পরিজন নিয়ে এই ‘ওশান ওয়ার্ল্ড কার্নিভাল কাম ট্রেড এক্সপো ২০২৬’ উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
