আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী || উবের বাইক সার্ভার পরিষেবা সম্পূর্ণভাবে বাতিল না করা হলে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দিলেন আগরতলা শহরের উবের বাইকাররা। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বুধবার আগরতলা শহরের হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় প্রায় ২০০-রও বেশি উবের বাইকার একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। উপস্থিত বাইকাররা জানান, স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলার কারণে শহরের বিভিন্ন রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ঝুঁকি নিয়েই তাঁরা এতদিন পরিষেবা দিয়ে আসছিলেন।
তাঁদের অভিযোগ, বনমালীপুর এলাকার বি.কে. রোডে অবস্থিত উবের অফিস থেকে কোনও ধরনের সহযোগিতা বা কার্যকর সমাধান দেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়েই তাঁরা অনির্দিষ্টকালের জন্য উবের বাইক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বাইকারদের এই সিদ্ধান্তে শহরের নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সকলের।
