আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ || আসন্ন বর্ষা মরশুমে শহর আগরতলা যাতে নদীর জলে প্লাবিত না হয়, সেই বিষয়টি মাথায় রেখে বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। শনিবার স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক কিরণ গীত্যে হাওড়া নদী ও কাটা খালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এই পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার ডিএম, এসডিএম সহ প্রশাসনের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তারা খাল ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা, জল নিষ্কাশনের পথ এবং বর্ডার সংলগ্ন বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষাকালে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে খাল পরিষ্কার, জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিনের এই পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যায়।
