আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ || আসন্ন এডিসি নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় ও নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক বিরোজিৎ সিনহা, শব্দ কুমার জমাতিয়া সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস দল মোট ২৮টি আসনে প্রার্থী দেবে। পাশাপাশি ধর্মনগর উপনির্বাচনের ক্ষেত্রেও দলের প্রার্থীর নাম চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই তা সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করা হবে।
এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, সিপিআই(এম) দল ইচ্ছাকৃতভাবেই ধর্মনগর উপনির্বাচনে আগেভাগে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
বৈঠকের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে আরও শক্তিশালী করার দিকেই জোর দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
