আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল রাজ্য মহিলা কমিশন। মঙ্গলবার আগরতলার সুকান্ত একাডেমি হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং তাদের জীবিকার নতুন পথ তৈরি করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্না দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চেয়ারপারসন ঝর্না দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, “নারীদের আর্থিকভাবে শক্তিশালী করতে হলে তাদের হাতে কাজ তুলে দিতে হবে। এই ধরনের উদ্যোগ তাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহিলারাও এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিজেদের উদ্যোগে কিছু করার আশাবাদ ব্যক্ত করেন।
রাজ্য মহিলা কমিশনের এই পদক্ষেপ নিঃসন্দেহে সমাজে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
