আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || ২০২৬ সালের টিটিএএডিসি (ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ) সাধারণ নির্বাচনের নির্ধারিত তারিখ পুনর্বিবেচনার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সমাজপতিরা। তাঁদের দাবি, ঘোষিত ১৩ই এপ্রিলের নির্বাচন তারিখটি উপজাতি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসবের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণে বিঘ্ন ঘটতে পারে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর ১৩ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত টিটিএএডিসি এলাকার বিভিন্ন উপজাতি সম্প্রদায় বিজু, বৈশু, বিহু, সাংরাই, পরব প্রভৃতি উৎসব উদযাপন করে থাকে। পাশাপাশি ১৩ থেকে ২১শে এপ্রিল পর্যন্ত গড়িয়া পূজা উপলক্ষে নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান চলতে থাকে। এই সময়ে অধিকাংশ মানুষ উৎসব উদযাপনে ব্যস্ত থাকেন, ফলে নির্বাচনে অংশগ্রহণে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারীরা।
তাঁদের মতে, উৎসবের এই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে একদিকে যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা সৃষ্টি হতে পারে, অন্যদিকে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও উৎসবের স্বাভাবিক ধারাবাহিকতাও ব্যাহত হতে পারে।
এই প্রেক্ষিতে, সমাজপতিরা ১৩ থেকে ১৫ এবং ২১শে এপ্রিলের পরিবর্তে অন্য কোনো সুবিধাজনক তারিখে টিটিএএডিসি নির্বাচনের দিন পুনঃনির্ধারণ করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন।
আবেদনপত্রে স্বাক্ষর করেছেন প্রধান সমাজপতি বীরেন্দ্র ত্রিপুরা নারান, পূর্ণ চন্দ্র দেববর্মা, খানা রাম রেয়াং, শান্তি বিকাশ চাকমা (রাজ্য কারবারি), যোগেন্দ্র দেববর্মা এবং রতন লাল হালাম প্রমুখ।
এছাড়াও বিষয়টি অবগতির জন্য ত্রিপুরার রাজ্যপালকেও অনুলিপি প্রেরণ করা হয়েছে।
