গোপাল সিং, খোয়াই, ১৯ মার্চ || পুরনো মামলার নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্যের মধ্যে আবারও গুরুত্বপূর্ণ সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। ২০১৪ সালের একটি চুরি মামলায় দীর্ঘদিন পলাতক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে চেবরী এলাকা থেকে। ওসি কৃষ্ণধন সরকার জানান, ধৃতের নাম কৃষ্ণপদ দাস (পিতা: বিনয় দাস), বাড়ি চেবরী। সে ২০১৪ সালে আগরতলাতে সংঘটিত একটি চুরির ঘটনায় জড়িত ছিলো এবং দীর্ঘদিন ধরেই পলাতক ছিলো।
তথ্য অনুযায়ী, মামলাটি PR(GRP)-1086/14 নম্বরভুক্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারা (চুরি, গৃহভঙ্গ ও চোরাই মাল গ্রহণ সংক্রান্ত) প্রযোজ্য রয়েছে। এই মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালত, আগরতলা (কোর্ট নং-৭) থেকে অভিযুক্তের বিরুদ্ধে নন-বেলএবল ওয়ারেন্ট (NBWA) জারি করা হয়েছিল।
বুধবার রাতে এসআই দেবপ্রসাদ চক্রবর্তী ও তাঁর টিম চেবরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আগরতলায় প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, খোয়াই শহরে একদিকে যখন সিরিজ চুরি ও নেশা চক্র নিয়ে উদ্বেগ বাড়ছিল, ঠিক সেই সময়ই খোয়াই থানার দায়িত্বভার গ্রহণ করেন ওসি কৃষ্ণধন সরকার এবং উনার নেতৃত্বেই একের পর এক পুরনো মামলার জট খুলে সাফল্যের নজির গড়ে চলেছে খোয়াই থানার পুলিশ।
