বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহামুনি রোডের বুদ্ধমন্দির সংলগ্ন এলাকায় নদীতে স্নান করতে গিয়ে শুভম দাস (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে এক বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নামে শুভম। স্নানের সময় হঠাৎই নদীর জলে তলিয়ে যায় সে। বিষয়টি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়ে তার সঙ্গী ও আশেপাশের লোকজন। শুরু হয় চিৎকার-চেঁচামেচি, দ্রুত জড়ো হন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর নদী থেকে শুভমের দেহ উদ্ধার করা হয়। এরপর তাকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মৃত কিশোর শুভম দাস শান্তিরবাজার এলাকারই বাসিন্দা ছিল। অকাল এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
