সুব্রত দাস, গন্ডাছড়া, ০৬ এপ্রিল || দীর্ঘ সাত মাস ধরে সিএসপি (কমন সার্ভিস পয়েন্ট) ভাতা বকেয়া পড়ে থাকার অভিযোগে গন্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর আরডি ব্লক কার্যালয়ে তালাবন্ধ করে বিক্ষোভে সামিল হলেন প্রায় ৩০০ জন সিএলএফ (ক্লাস্টার লেভেল ফেডারেশন) মহিলা কর্মী।
সোমবার সকাল থেকেই তিনটি সিএলএফ-এর অন্তর্গত মহিলা কর্মীরা ব্লক কার্যালয়ের সামনে জড়ো হন এবং তাঁদের প্রাপ্য ভাতা দ্রুত মেটানোর দাবিতে সরব হন। পরবর্তীতে ক্ষোভে ফেটে পড়ে তাঁরা আরডি ব্লক অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনকারীদের সাফ বক্তব্য— যতদিন না সাত মাসের সম্পূর্ণ বকেয়া ভাতা পরিশোধ করা হচ্ছে, ততদিন এই তালাবন্ধ আন্দোলন চলবে।
বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, বারবার দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা এই চরম আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন।
এদিকে আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। আন্দোলনকারী মহিলারা অভিযোগ করেন, তাঁদের আন্দোলন দমাতে পুলিশি লাঠিচার্জের হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগ ঘিরে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আন্দোলনকারী এক মহিলা কর্মীর কথায়, “আমরা আমাদের ন্যায্য পাওনার দাবিতেই আন্দোলন করছি। এতদিন ধরে বেতন না পেয়ে আমাদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।”
ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে— কেন দীর্ঘ সাত মাস ধরে কর্মীদের প্রাপ্য ভাতা বকেয়া রয়ে গেল এবং কবে মিলবে তাঁদের ন্যায্য পাওনা?
