জনসভা থেকে বিজেপি প্রার্থী ডেভিডকে ১৭ তারিখের পর তিপ্রা মথায় শামিল করার বার্তা প্রদ্যুতের, রঞ্জিত দেববর্মার প্রশংসায় পঞ্চমুখ বুবাগ্রা

গোপাল সিং, খোয়াই, ০৮ এপ্রিল || আসন্ন টিটিএএডিসি নির্বাচনের আবহে ১২-রামচন্দ্রঘাট কেন্দ্রে এক চাঞ্চল্যকর রাজনৈতিক বার্তা দিলেন তিপ্রামথা পার্টির সুপ্রিমো প্রদ্যুৎ মাণিক্য দেববর্মা। বুধবার রতনপুরে দলীয় প্রার্থী জেমস দেববর্মার সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রদ্যুৎ মাণিক্য দাবি করেন, আগামী ১৭ তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিলের সাথেই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মাকে তিপ্রা মথা পার্টিতে শামিল করে নেওয়া হবে। ডেভিড সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, ডেভিড ভুলবশত ভুল দলে আছেন, তবে জেমস দেববর্মা সঠিক জাতির দলেই রয়েছেন।
এদিনের সভা থেকে বিধায়ক রঞ্জিত দেববর্মার ভূয়সী প্রশংসা করেন বুবাগ্রা। রতনপুরের এই সমাবেশের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, রঞ্জিত দেববর্মার নেতৃত্ব ও পরিশ্রম দলের শক্তি বাড়িয়ে দিয়েছে। মজার বিষয় হলো, মঞ্চে মন্ত্রী বৃষকেতু দেববর্মা, ইএম সুহেল দেববর্মা ও প্রার্থী জেমস দেববর্মা উপস্থিত থাকলেও, বিধায়ক রঞ্জিত দেববর্মাকে দেখা যায় মঞ্চের নিচে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে সভার সাফল্য উপভোগ করতে।
রাজ্যের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের পাল্টা জবাব দিয়ে প্রদ্যুৎ বলেন, ‘হামজাগো’কে ‘হামমাগো’ বলে দুদিনের জনজাতি প্রেম দেখিয়ে তিপ্রা মথাকে হারানো সম্ভব নয়। তিনি দৃঢ়তার সাথে জানান যে, আগামী দিনে জনজাতি মুখ্যমন্ত্রী হওয়া কেবল সময়ের অপেক্ষা এবং সেই মুখ্যমন্ত্রীকে তিনি সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে নিয়ে গিয়ে পরিচয় করাবেন। ‘এ দিল মাঙ্গে মোর’—এই স্লোগান তুলে তিনি ইঙ্গিত দেন যে, তিপ্রা মথার লক্ষ্য কেবল এডিসি নয়, বরং পরবর্তী বিধানসভা নির্বাচন।
দলের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা নিয়ে এদিনও সরব ছিলেন প্রদ্যুৎ কিশোর। তিনি অভিযোগ করেন, তিপ্রা মথার অনেক নেতা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কাউকে এক কোটি, কাউকে দেড় কোটি টাকা দিয়ে দল ভাঙার চেষ্টা হয়েছে। যারা টাকা নিয়েছেন তাদের কটাক্ষ করে তিনি বলেন, ১৭ তারিখের পর তারা কেবল ‘আন্ডা’ বা শূন্য পাবে। জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে মানুষ ক্ষমা করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তবে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরাকে নিয়ে তিনি বিন্দুমাত্র আগ্রহী নন বলেও স্পষ্ট করে দেন।
নির্বাচনের ঠিক প্রাক-মুহূর্তে রতনপুরের এই জনসভা এবং বিজেপি প্রার্থীকে দলে টানার এই আগাম বার্তা রামচন্দ্রঘাট কেন্দ্রের নির্বাচনী সমীকরণকে এক নতুন মাত্রা দিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*