গোপাল সিং, খোয়াই, ১৯ এপ্রিল || টানা উত্তেজনার পর অবশেষে রবিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ বনধ প্রত্যাহার করলো ক্ষুব্ধ জনতা। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি বলেই ইঙ্গিত মিলেছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ২৩শে এপ্রিল থেকে পুনরায় রাস্তায় নেমে অবরোধে বসবেন তারা।
জানা গেছে, ২০ থেকে ২২শে এপ্রিল পর্যন্ত গড়িয়া পূজাকে কেন্দ্র করে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই সাময়িকভাবে বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের দিনগুলোতে যাতে জনজীবন স্বাভাবিক থাকে, সেই কারণেই এই পদক্ষেপ বলে দাবি আন্দোলনকারীদের।
তবে ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। অভিযোগ, একাধিক নিরীহ ব্যক্তিকে কোনো এফআইআর বা লিখিত অভিযোগ ছাড়াই থানার লক-আপে আটক করে রাখা হয়েছে। এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। “এফআইআর ছাড়া কীভাবে গ্রেফতার করা হলো?”—এই প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনো মেলেনি বলে দাবি স্থানীয়দের।
এই ইস্যুতেই আন্দোলনকারীরা গড়িয়া পূজা শেষ হতেই ফের রাস্তায় নেমে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে উৎসবের পর আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই অভিযোগগুলির বিষয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।
