এডিসি ফল ঘোষণার পর দক্ষিণ ত্রিপুরায় উত্তেজনা, সাব্রুমে বিজেপি বুথ অফিসে অগ্নিসংযোগ

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৯ এপ্রিল || ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল ঘোষণার পর দক্ষিণ ত্রিপুরা জেলায় একাধিক অশান্তির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, দুষ্কৃতিকারীরা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সমর্থকদের টার্গেট করে বিভিন্ন এলাকায় বাড়ি ও বুথ অফিসে হামলা চালিয়েছে।
বিশেষ করে সাব্রুম মহকুমার মনুবনকুল ও চাতকছড়ি এলাকার সাত্রাইপাড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ২৮ নম্বর শিলাছড়ি-মনুবনকুল এডিসি আসনের অন্তর্গত ৪৯ নম্বর বুথ অফিসে গত ১৭ এপ্রিল রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুরো বুথ অফিসটি ভস্মীভূত হয়ে যায় বলে জানা গেছে। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিপ্রা মথা দলের সমর্থকরাই এই হামলার সঙ্গে যুক্ত। উল্লেখ্য, এই আসনে বিজেপি প্রার্থী কংজঅং মগ ৪৯৪ ভোটে জয়লাভ করেন, যার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে দাবি দলের।
ঘটনার পর রবিবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি আক্রান্ত বিজেপি সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং ভস্মীভূত বুথ অফিসগুলি সরেজমিনে ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ জেলা বিজেপির সভাপতি দীপায়ন চৌধুরী, জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।
সাত্রাইপাড়ার ঘটনাস্থলে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় হিংসার কোনো স্থান নেই। সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এগিয়ে আসতে হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*