ধর্মীয় ভাবাবেগে খোয়াইয়ে পালিত হলো ৩৭তম অক্ষয় তৃতীয়া উৎসব, ভক্তদের ঢল রামঠাকুর সেবা মন্দিরে

গোপাল সিং, খোয়াই, ২০ এপ্রিল || খোয়াই বিমানবন্দর রোডস্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরে প্রতি বছরের মতো এ বছরও অত্যন্ত নিষ্ঠা ও ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে উদযাপিত হলো অক্ষয় তৃতীয়া উৎসব। এ বছর এই বর্ণাঢ্য উৎসবটি ৩৭তম বর্ষে পদার্পণ করেছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ গত কয়েকদিন ধরেই এক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে আয়োজিত এই কয়েকদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আজ ছিল সমাপনী দিন। সকাল থেকেই মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়েছিল। দিনভর বিভিন্ন শাস্ত্রীয় আচার ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন মন্দির কর্তৃপক্ষ। সমাপনী দিনটি উপলক্ষে আজ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে এক অনন্য মাত্রা দিয়েছে। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত রাখতেই এই উৎসবের আয়োজন করা হয়। শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করতে মন্দির কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। মহাপ্রসাদ গ্রহণ করতে আজ বিকেল থেকেই মন্দির চত্বরে বিপুল সংখ্যক ভক্ত সমবেত হয়েছেন। এই উৎসবের মধ্য দিয়ে খোয়াইয়ের জনজীবনে এক উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*