গোপাল সিং, খোয়াই, ২১ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া রাজনৈতিক হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ খোয়াই জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মূলত নির্বাচন পরবর্তী সন্ত্রাসের শিকার হওয়া দলীয় কর্মী-সমর্থকদের মনোবল জোগাতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরজমিনে পরিদর্শন করতেই তাঁর এই ঝটিকা সফর।
এদিন খোয়াইয়ে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এই উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, বিধায়ক পিণাকী দাস চৌধুরী এবং জেলা সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। বৈঠকে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আক্রান্ত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় কার্যালয়ে একপ্রস্থ বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী সরাসরি রওনা হন আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের করঙ্গিছড়ার উদ্দেশ্যে। সেখানে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে ব্যক্তিগতভাবে কথা বলবেন মুখ্যমন্ত্রী।
