নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১৪ নভেম্বর || মধ্যরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ইলেকট্রিক অটো চালক। ঘটনাটি ঘটেছে সাব্রুম মহকুমার ১ নম্বর নিউ কলোনি গার্লস হাই স্কুলের সামনে এনএইচ-০৮ জাতীয় সড়কে। মৃত চালকের নাম বিপুল শীল (৩৮)। তাঁর বাড়ি পশ্চিম হরিণা নতুন পাড়া এলাকায়। তিনি রাখাল শীলের ছেলে।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, টিআর০৮এ২৩১১ নম্বরের ইলেকট্রিক অটোটি সাতচাঁদ ব্লকের দিক থেকে দ্রুতগতিতে সাব্রুমের দিকে যাচ্ছিল। অভিযোগ, চালক বিপুল শীল মদ্যপ অবস্থায় অটোটি চালাচ্ছিলেন। গতকাল মধ্যরাতে ১ নম্বর নিউ কলোনি গার্লস হাই স্কুলের সামনে পৌঁছাতেই অটোটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে তাঁকে দ্রুত মনুবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাঁর মৃতদেহ মনুবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে। আজ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
পুলিশের প্রাথমিক রিপোর্টে চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কী কারণে এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর বেদনা, অন্যদিকে সড়কে অসতর্ক ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর বিপদ আরও একবার সামনে এল এই ঘটনায়।
