হরিয়ানার অঘোরি নৃত্যে মুগ্ধ শান্তিরবাজারবাসী, বর্ণাঢ্য কার্নিভালের মধ্য দিয়ে সম্পন্ন নবদিগন্ত কালী মায়ের প্রতিমা নিরঞ্জন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ নভেম্বর || আনন্দ, উৎসব ও ধর্মীয় আবেগের আবহে বর্ণাঢ্য কার্নিভালের মধ্য দিয়ে সম্পন্ন হলো শান্তিরবাজারের নবদিগন্ত কালী মায়ের প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যা থেকেই নবদিগন্ত এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। ঢাকের বাদ্যি, উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং জয় মা কালী ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা শান্তিরবাজার।
এদিন মা কালীর প্রতিমাকে ফুল ও মালায় সুসজ্জিত করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কার্নিভাল বের করা হয়। এই কার্নিভালে হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যায়। তবে এবারের কার্নিভালের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বহিরাজ্য হরিয়ানা থেকে আগত শিল্পীদের অঘোরি নৃত্য পরিবেশনা।
গায়ে ভস্ম মেখে অঘোরি সাজে ডমরুর বাদ্যি ও মন্ত্রোচ্চারণের তালে তাঁদের ব্যতিক্রমী ও রোমাঞ্চকর নৃত্য পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এই নৃত্য উপভোগ করতে রাস্তার দু’পাশে ভিড় জমান অসংখ্য মানুষ। আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই মোবাইল ফোনে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। পাশাপাশি ঢাক-ঢোল, নাচ-গান ও আলোকসজ্জায় গোটা এলাকায় তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
নবদিগন্ত ক্লাবের সদস্যরা জানান, প্রতি বছরের মতো এবারও অত্যন্ত নিষ্ঠা, ভক্তি ও আনন্দের সঙ্গে কালীপুজোর আয়োজন করা হয়েছিল। এবারের উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগে হরিয়ানা থেকে অঘোরি নৃত্যশিল্পীদের নিয়ে আসা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শান্তিরবাজারের দশমী ঘাটে মা কালীর প্রতিমা নিরঞ্জন করা হয়। নিরঞ্জনের সময় ভক্তদের মধ্যে ছিল আবেগঘন পরিবেশ। মায়ের বিদায়লগ্নে অনেকের চোখে জল, অন্যদিকে চারদিকে ধ্বনিত হয় জয় মা কালী স্লোগান।
নিরঞ্জন অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য শান্তিরবাজার থানার পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় গোটা নিরঞ্জন পর্ব।
মা কালীর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটল এবছরের নবদিগন্ত কালীপুজো উৎসবের। উৎসবের আনন্দ, অঘোরি নৃত্যের বিশেষ আকর্ষণ এবং ভক্তদের আবেগঘন মুহূর্তের স্মৃতি বুকে নিয়ে আবারও আগামী বছরের অপেক্ষায় রইলেন শান্তিরবাজারবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*