PMFBY নিয়ে কৃষকদের সচেতন করতে TRESP-এর উদ্যোগ, প্রকল্পের মেয়াদ শেষ হলেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান

আপডেট প্রতিনিধি, খোয়াই, ১৪ নভেম্বর || কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতিজনিত ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খোয়াইয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)।
TRESP-এর উদ্যোগে খোয়াই জেলার তুলাশিখর ব্লক কমিউনিটি হল এবং আশারামবাড়ির হীনা CLF কার্যালয়ে পৃথকভাবে দুটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১৩টি প্রডিউসার গ্রুপের মোট ১২২ জন কৃষক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার বিভিন্ন সুবিধা, নাম নথিভুক্তির পদ্ধতি, প্রিমিয়ামের কাঠামো এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসলের ক্ষয়ক্ষতি হলে বিমার মাধ্যমে আর্থিক সুরক্ষা পাওয়ার বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
TRESP-এর PMU, TSA (FI) এবং তুলাশিখর BPMU-র সমন্বিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কৃষকদের সরকারি বিমা ব্যবস্থার আওতায় নিয়ে এসে তাঁদের জীবিকা ও আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় করা। উৎপাদক গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তা, প্রযুক্তিগত পরামর্শ এবং উৎপাদন বৃদ্ধির সুযোগ প্রদানের পাশাপাশি ফসল বিমার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতির বিকাশে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন TRESP-এর কৃষি বিশেষজ্ঞ সুব্রত শিব, তুলাশিখর BDO বিশ্ব দেববর্মা, TCS, TRESP-এর অতিরিক্ত প্রোগ্রাম ম্যানেজার (FI) অভিজিৎ দে, SA কবীর দেববর্মা, কৃষি ক্লাস্টার কো-অর্ডিনেটর বাপটোশ দেববর্মা, TSA (FI)-এর টিম লিডার বিশ্বজিৎ দেবনাথ, জেলা প্রকল্প সমন্বয়কারী হেদায়েতুল্লাহ শেখ এবং বাজাজ জেনারেল ইন্স্যুরেন্সের প্রতিনিধি অমিত দেববর্মা ও সুব্রত শুক্লা দাস।
এদিকে, এই সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি TRESP প্রকল্পের ভবিষ্যৎ ধারাবাহিকতা নিয়েও গুরুত্বপূর্ণ উন্নয়ন ভাবনা উঠে এসেছে। সংশ্লিষ্ট মহলের মতে, TRESP-কে শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়সীমার প্রকল্প হিসেবে সীমাবদ্ধ না রেখে জনজাতি অধ্যুষিত এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারাবাহিক কর্মসূচিতে পরিণত করা প্রয়োজন।
প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই গড়ে ওঠা প্রডিউসার গ্রুপ, বিভিন্ন কমিউনিটি প্রতিষ্ঠান, দক্ষতা উন্নয়ন, জীবিকার সুযোগ এবং পারস্পরিক সমন্বয় ব্যবস্থাগুলি গ্রামীণ উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও এই প্রতিষ্ঠানগুলির ধারাবাহিক পরিচর্যা, প্রযুক্তিগত সহায়তা এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে TRESP 2.0-এর ভাবনাও বিশেষ তাৎপর্য বহন করছে। রাজ্য সরকারের ধারাবাহিক অঙ্গীকার, বিভিন্ন সরকারি প্রকল্পের সমন্বিত অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে বর্তমান TRESP-এর সাফল্যকে আরও বিস্তৃত করার সম্ভাবনা রয়েছে। মূল লক্ষ্য, প্রকল্পের মাধ্যমে সূচিত উন্নয়নের গতি যেন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেও থমকে না যায়। বরং জনজাতি সমাজের আর্থিক ক্ষমতায়ন, স্বনির্ভরতা এবং টেকসই জীবিকার দীর্ঘমেয়াদি ভিত্তি হিসেবে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*