ধর্মীয় ভক্তি ও উৎসবের আবহে পালিত ছট পূজা, রানিপুকুরে ভক্তদের ঢল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || ধর্মীয় ভক্তি, নিষ্ঠা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হলো পবিত্র ছট পূজা। মূলত সূর্যদেবতা ও ষষ্ঠী দেবী তথা ছটী মাইয়ার আরাধনাকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়। দীপাবলির ষষ্ঠ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় বলেই এর নাম ছট পূজা। প্রাচীনকাল থেকেই এই পূজার প্রচলন রয়েছে। হিন্দু ধর্মীয় ঐতিহ্য ও পুরাণে সূর্য উপাসনার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ রয়েছে।
বিশ্বাস অনুযায়ী, ভগবান রামচন্দ্রের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তনের পর সীতা দেবী ছট ব্রত পালন করেছিলেন। সেই বিশ্বাস ও ঐতিহ্যকে ধারণ করেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজা পালিত হয়ে আসছে।
ত্রিপুরায় বসবাসকারী বিহারী সম্প্রদায়ের মানুষের কাছে ছট পূজার বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এদিন আগরতলার খেজুর বাগানস্থিত রানিপুকুরে ছট পূজাকে কেন্দ্র করে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের জন্য ভোর থেকেই পুকুরপাড়ে ভিড় জমাতে শুরু করেন পুণ্যার্থীরা। দিনভর চলে পূজার্চনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।
এদিন রানিপুকুরে আয়োজিত ছট পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরাও ভক্তদের সঙ্গে মিলিত হয়ে পূজায় অংশগ্রহণ করেন এবং সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।
ছট পূজাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। আলোকসজ্জা, ধর্মীয় গান ও ভক্তিমূলক সংগীতে মুখরিত হয়ে ওঠে রানিপুকুর সংলগ্ন এলাকা। সূর্যদেবের প্রতি অগাধ বিশ্বাস, পারিবারিক মঙ্গল কামনা এবং সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয় এদিনের ছট পূজা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*