মুড়াসিং সোশিও কালচারাল ফেস্টিভ্যালের স্থান পরিবর্তনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, ২৪ নভেম্বর পতিছড়ী মুড়াসিং পাড়াতেই বসছে রাজ্যভিত্তিক মেলা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ নভেম্বর || আগামী ২৪ নভেম্বর শান্তিরবাজার মহকুমার পতিছড়ী মুড়াসিং পাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যভিত্তিক মুড়াসিং সোশিও কালচারাল ফেস্টিভ্যাল ২০২৬। প্রতিবছরের মতো এবছরও রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত হতে চলেছে এই ঐতিহ্যবাহী উৎসব। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি নিয়ে শান্তিরবাজার মহকুমা শাসকসহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে প্রস্তুতি সংক্রান্ত বৈঠক সম্পন্ন হয়েছে। শনিবার এই মেলাকে কেন্দ্র করে মেলা কমিটির উদ্যোগে শান্তিরবাজারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির কর্মকর্তারা অভিযোগ করেন, একটি অংশের লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে মেলার স্থান পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। তাঁদের দাবি, মেলা উদয়পুরে স্থানান্তরিত করা হয়েছে বলে যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। দীর্ঘ বহু বছর ধরে পতিছড়ী মুড়াসিং পাড়ায় এই মেলার আয়োজন হয়ে আসছে। এবছরও নির্ধারিত স্থানেই মেলা অনুষ্ঠিত হবে এবং আগামী দিনেও ঐতিহ্য মেনে এখানেই মেলার আয়োজন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন তাঁরা।
মেলা কমিটির কর্মকর্তারা আরও জানান, মুড়াসিং সম্প্রদায়ের মানুষ বৈষ্ণব ধর্মাবলম্বী। স্থানীয় হরিচাঁদ গোস্বামী মন্দিরে ধর্মীয় রীতিনীতি মেনে রাস পূর্ণিমার দিন এই উৎসবের আয়োজন করা হয়। এই মেলার মধ্য দিয়ে মুড়াসিং সম্প্রদায়ের নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং কৃষ্টি-সংস্কৃতি বৃহত্তর সমাজের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের ঐতিহ্যকে সবার সামনে উপস্থাপন করে আসছেন সম্প্রদায়ের সদস্যরা।
এবছর মেলাকে আরও বৃহৎ আকারে আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে মেলার দোকানভিটি বণ্টনের কাজ শুরু হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী, দোকানদার ও দর্শনার্থীদের সমাগম ঘটে এই মেলায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয় এই উৎসব।
সাংবাদিক সম্মেলন থেকে মেলা কমিটির কর্মকর্তারা সাধারণ মানুষের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, মুড়াসিং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসবে রাজ্যের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান তাঁরা।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক কনকন মুড়াসিং, কোষাধ্যক্ষ শ্যামল মুড়াসিং, সদস্য কিশোর মুড়াসিং, বিপ্লব মুড়াসিং, তারেন্দ্র মুড়াসিং, সুমন মুড়াসিংসহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*