সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ নভেম্বর || শব্দদূষণের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান গ্রহণ করল তেলিয়ামুড়া পুলিশ। শুক্রবার গভীর রাতে উচ্চ শব্দে ডিজে বাজিয়ে শ্যামা মায়ের প্রতিমা নিরঞ্জন করতে যাওয়ার সময় সাউন্ড সিস্টেম-সহ একটি গাড়ি আটক করে পুলিশ।
জানা যায়, শুক্রবার গভীর রাতে ডিজে সাউন্ড সিস্টেম বাজিয়ে শ্যামা মায়ের প্রতিমা নিরঞ্জনের আয়োজন চলছিল। সেই সময় তেলিয়ামুড়া পুলিশের নজরে আসে বিষয়টি। এরপর পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সাউন্ড সিস্টেম-সহ গাড়িটি আটক করে।
উল্লেখ্য, রাতের নির্দিষ্ট সময়ের পর উচ্চ শব্দে মাইক ও ডিজে বাজানোর ফলে সাধারণ মানুষের ঘুম ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। বিশেষ করে অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ এবং পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের এমন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সচেতন মহলের একাংশ।
উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের শান্তি ও স্বস্তির বিষয়টিও যে সমান গুরুত্বপূর্ণ, পুলিশের এই পদক্ষেপের মধ্য দিয়ে সেই বার্তাই আরও একবার স্পষ্ট হলো।
