কাজিরাঙার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২৪ জনের, নিহতদের মধ্যে একাধিক পড়ুয়া

জাতীয় ডেস্ক, গুয়াহাটি, ১৪ নভেম্বর || অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২৪ জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন পড়ুয়াও রয়েছে বলে জানা গেছে। শুক্রবার গোলাঘাট জেলার রাঙ্গাজান এলাকায় একটি যাত্রীবাহী ট্রাভেলার গাড়ির সঙ্গে কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭১৫ নম্বর জাতীয় সড়কের হাতিখুলি চা বাগান সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে চলাচলকারী একটি ট্রাভেলার মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীবাহী গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতরে বহু যাত্রী আটকে পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। ক্ষতিগ্রস্ত গাড়ির ভিতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অসম সরকারের মন্ত্রী অতুল বোরা। তিনি উদ্ধারকাজের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে পুলিশের অনুমান। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
একই দুর্ঘটনায় এতগুলি প্রাণহানির ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে অল্পবয়সি পড়ুয়াদের মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা। মর্মান্তিক এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*