আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকারকে সামনে রেখে সিআইটিইউ রাজ্য কমিটির উদ্যোগে শনিবার দুপুর ১২টায় আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী প্রাঙ্গণে এক বিশাল শ্রমজীবী জনসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশকে কেন্দ্র করে শ্রমিক-কর্মচারী ও সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এই সমাবেশে প্রধান বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিআইটিইউর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ. করিম, সভাপতি সুদীপ দত্ত, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর দত্ত এবং শ্রমজীবী নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে। শ্রমজীবী মানুষের স্বার্থ, অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা ও দাবিকে কেন্দ্র করে এই সমাবেশ থেকে বক্তারা তাঁদের বক্তব্য তুলে ধরেন। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে।
