২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ১ মার্চ শুরু উচ্চমাধ্যমিক, ২ মার্চ মাধ্যমিক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আগামী বছরের বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (TBSE)। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১ মার্চ থেকে। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ মার্চ থেকে। ইতিমধ্যেই পরীক্ষার সূচি প্রকাশ্যে আসায় পরীক্ষার্থীদের মধ্যে প্রস্তুতির তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
পর্ষদের সচিব ড. জয়দীপ ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ মার্চ ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা। এরপর ৩ মার্চ বাংলা, হিন্দি, ককবরক ও মিজো ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ের পরীক্ষা চলার পর ৩০ মার্চ ষষ্ঠ বিষয় (ভোকেশনাল) পরীক্ষার মধ্য দিয়ে উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হবে।
অন্যদিকে, ২ মার্চ ইংরেজি পরীক্ষার মাধ্যমে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। ৪ মার্চ প্রথম ভাষা, ১২ মার্চ গণিত, ১৬ মার্চ বিজ্ঞান এবং ২০ মার্চ সমাজবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৫ মার্চ ষষ্ঠ বিষয় (ভোকেশনাল) পরীক্ষার মধ্য দিয়ে মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হবে।
পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, উভয় স্তরের পরীক্ষাই দুপুর ১২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশাপাশি মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার সূচি প্রকাশের পর এখন থেকেই চূড়ান্ত প্রস্তুতিতে মনোনিবেশ করতে হবে পরীক্ষার্থীদের। হাতে থাকা সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে বিষয়ভিত্তিক পড়াশোনা, নিয়মিত অনুশীলন এবং পুনরাবৃত্তির মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। ২০২৭ সালের বোর্ড পরীক্ষাকে সামনে রেখে পর্ষদের প্রকাশিত নির্ধারিত সময়সূচি মেনেই এবার প্রস্তুতির পথে এগোবে হাজার হাজার ছাত্রছাত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*