আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে গতি আনল ভারতীয় জনতা পার্টি। শনিবার ৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপির মনোনীত প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক কমল দে এবং ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সুকান্ত ঘোষ। জনসংযোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন পুর নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে তাঁদের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী জানান, আগরতলা পৌর নিগম এলাকার বিভিন্ন স্থানে মানুষের স্বতঃস্ফূর্ত উৎসাহ, আস্থা ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তাঁর মতে, এই সাড়া ভারতীয় জনতা পার্টির প্রতি ক্রমবর্ধমান জনসমর্থনের প্রতিফলন।
তিনি আরও বলেন, উন্নয়ন ও সুশাসনের ধারাকে আরও শক্তিশালী করার যে অঙ্গীকার বিজেপি গ্রহণ করেছে, মানুষের সমর্থন ও ভালোবাসা সেই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন প্রেরণা জোগাচ্ছে।
আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনকে কেন্দ্র করে ৩৪ নম্বর ওয়ার্ডে এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
