বলরাম দেবনাথ, সাব্রুম, ২৭ নভেম্বর || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার হরিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে একটি মিষ্টির দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
জানা যায়, প্রথমে মিষ্টির দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় দুটি দোকানই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় জোর তৎপরতা।
তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলির মালিকদের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।
উল্লেখ্য, আজ ২৭ নভেম্বর সাব্রুম নগর পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের দিনেই হরিনা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে প্রশাসনিক তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
