হোস্টেলে থেকে পড়াশোনার পাশাপাশি ফুটবলে সাফল্য, জাতীয় স্তরে খেলতে অন্ধ্রপ্রদেশ যাচ্ছে বোকাফা আশ্রম স্কুলের দুই ছাত্রী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ নভেম্বর || পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ময়দানেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখল শান্তিরবাজার মহকুমার গ্রামীণ এলাকার বোকাফা আশ্রম ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রী। হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি ফুটবলে অসাধারণ সাফল্য অর্জন করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে অষ্টম শ্রেণিতে পাঠরত খুম্পারী ত্রিপুরা ও সীমা ত্রিপুরা।
জানা যায়, অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রতিভার পরিচয় দিয়ে রাজ্যস্তরে বিশেষ সুনাম অর্জন করেছে এই দুই ছাত্রী। তাদের এই সাফল্যের সুবাদে আগামী ৭ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে আয়োজিত জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরার হয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, দীর্ঘ প্রায় ২০ বছর পর এই বিদ্যালয় থেকে ছাত্রীরা জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেল।
জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দুই ছাত্রী খুম্পারী ত্রিপুরা ও সীমা ত্রিপুরা। তারা জানায়, জাতীয় স্তরের প্রতিযোগিতায় ভালো খেলা উপহার দিয়ে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করাই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি তাঁদের প্রশিক্ষক বাদল রিয়াংয়ের পরিশ্রম ও অবদানকেও সার্থক করে তুলতে চায় তারা।
অন্যদিকে, দুই ছাত্রীর এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে। ফুটবলকে কেন্দ্র করে বিদ্যালয়ের মাঠে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সব মিলিয়ে, প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয় থেকে দুই ছাত্রীর জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। সকলের প্রত্যাশা, প্রশিক্ষক বাদল রিয়াংয়ের তত্ত্বাবধানে খুম্পারী ত্রিপুরা ও সীমা ত্রিপুরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় নিজেদের সেরাটা তুলে ধরে বোকাফা তথা শান্তিরবাজার মহকুমার নাম উজ্জ্বল করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*