হারিয়ে যাওয়া ২১ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল পূর্ব থানার পুলিশ, সততার নজির খাবারের দোকান মালিকের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || হারিয়ে যাওয়া ২১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিল পূর্ব থানার পুলিশ। একই সঙ্গে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজধানীর মোটরস্ট্যান্ড সংলগ্ন একটি খাবারের দোকানের মালিক।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ নভেম্বর সিধাই-মোহনপুর এলাকার এক ব্যক্তি রাজধানীর মোটরস্ট্যান্ড সংলগ্ন একটি খাবারের দোকানে খাওয়াদাওয়া করতে আসেন। খাওয়া শেষে বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত ২১ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ দোকানেই ফেলে চলে যান তিনি। পরবর্তীতে দোকানের মালিক ব্যাগটি দেখতে পান। ব্যাগের প্রকৃত মালিকের সন্ধান পেতে তিনি বিভিন্নভাবে চেষ্টা করলেও সফল হননি। শেষ পর্যন্ত সততার পরিচয় দিয়ে ব্যাগটি পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেন তিনি।
এরপর পূর্ব থানার পুলিশ ব্যাগের মালিকের সন্ধানে তৎপরতা শুরু করে। পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার ওই ব্যক্তির সন্ধান মেলে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর হারিয়ে যাওয়া ২১ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
নিজের হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ওই ব্যক্তি। অন্যদিকে, দোকান মালিকের সততা এবং পূর্ব থানার পুলিশের আন্তরিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ। এই ঘটনা একদিকে যেমন পুলিশের মানবিক ভূমিকার পরিচয় বহন করে, তেমনই সমাজে সততা ও দায়িত্ববোধের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*