শান্তির বাজারে বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শহর

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ নভেম্বর || শান্তির বাজার পুরাতন পেট্রোলপাম্প সংলগ্ন এক্সিস ব্যাঙ্কের সামনে বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যুতের খুঁটিতে থাকা বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দমকল কর্মীরা প্রথমে বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুমে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর জল ছিটিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
দমকল বাহিনীর সময়োচিত পদক্ষেপের ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় শান্তির বাজার শহর। বিশেষ করে পুরাতন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় একাধিক দোকান এবং পাশে থাকা এক্সিস ব্যাঙ্ক থাকায় আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে দমকল কর্মীদের তৎপরতায় কোনও দোকানদারকে ক্ষতির সম্মুখীন হতে হয়নি।
দমকল বাহিনীর এই দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি তাঁরা দমকল কর্মীদের ধন্যবাদ জানান। অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বিদ্যুতের খুঁটিগুলিতে বৈদ্যুতিক তারের সংযোগ ও রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
স্থানীয়দের একাংশের ধারণা, বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও তারের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনার পর বিদ্যুতের খুঁটি ও তারের সংযোগগুলি যথাযথভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*