গোপাল সিং, খোয়াই, ২৭ নভেম্বর || পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচন চলাকালীন রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও রাজ্য পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের সেক্টর ডি.সি.জি. এবং পানিসাগর থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ বোঝাই একটি লরি আটক করা হয়েছে। তল্লাশিতে লরিটি থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লক্ষ ৯২ হাজার টাকা বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, চুড়াইবাড়ির কুখ্যাত ‘কালা’-র সিন্ডিকেটের মদতেই এই বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী রাজ্যে প্রবেশ করানো হচ্ছিল। নির্বাচনী আবহে নিরাপত্তা জোরদার থাকার মাঝেই পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছিল, তবে যৌথ বাহিনীর তৎপরতায় পাচারের আগেই সেই ছক ভেস্তে যায় এবং চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করতে পুলিশ ও প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ভোটের কড়া নজরদারির সুযোগ নিয়ে কোটি টাকার বেশি মূল্যের এই মাদক পাচারের চেষ্টা যেমন পাচারকারীদের বেপরোয়া মনোভাবকে স্পষ্ট করেছে, তেমনি বিএসএফ ও পানিসাগর পুলিশের সময়োচিত অভিযানে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল রাজ্য।
