গোপাল সিং, খোয়াই, ২৭ নভেম্বর || খোয়াই পুর পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব চলাকালীন শাসক ও বিরোধী শিবিরের অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে শহরের রাজনৈতিক পরিবেশ। বিরোধী দল সিপিআই(এম)-এর বিধায়ক নির্মল বিশ্বাস ভোটকেন্দ্রে অনিয়ম, প্রার্থীদের মারধর ও পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তুললেও, সেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ খণ্ডন করে পাল্টা বিধায়কের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপির নির্বাচনী প্রভারী তথা রাজ্য নেতৃত্ব তাপস মজুমদার।
ভোটগ্রহণ চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআই(এম) বিধায়ক নির্মল বিশ্বাস অভিযোগ করেন যে, নির্বাচনের দিন প্রার্থীদের মারধর করা হয়েছে, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এমনকি খোদ বিধায়ক নির্মল বিশ্বাসকেও বহিরাগত দুষ্কৃতীরা ধাওয়া করেছে এবং আক্রমণ করার চেষ্টা করেছে বলে তিনি দাবি করেন। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পুলিশের কাছে লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি এবং মৌখিক পর্যায়েই অভিযোগ জানিয়েছেন বলে নিজেই মিডিয়াকে অবগত করেন বিধায়ক। অন্যদিকে, শহরের বেশ কিছু পোলিং স্টেশনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়ে মহিলা পুলিশ কর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নির্মল বিশ্বাস। তবে ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের পোলিং স্টেশনে সমস্যার অভিযোগ তুলে তিনি নিজে ১৩ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়া সত্ত্বেও ওই দুটি ওয়ার্ডে যাওয়ার কথা স্বীকার করেন। এ প্রসঙ্গে তাঁর সাফাই, বহিরাগতরা যদি ভিড় জমাতে পারে, তবে পোলিং এজেন্টরা কেন্দ্রে যেতে পারছেন না বলে তাঁর সেখানে যাওয়াকে তিনি কোনো দোষ বলে মনে করছেন না।
অপরদিকে, সিপিআই(এম) এবং দলের বিধায়ক নির্মল বিশ্বাসের সমস্ত অভিযোগ নস্যাৎ করে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির নির্বাচনী প্রভারী তথা রাজ্য নেতৃত্ব তাপস মজুমদার। তিনি প্রশ্ন তোলেন, একজন বিধায়ক হয়ে নির্মল বিশ্বাস কীভাবে সকাল সাড়ে ৭টা থেকে বুথ সেন্টারে গিয়ে বসে থাকতে পারেন? পরবর্তী সময়ে নির্বাচনী পর্যবেক্ষককে (অবজার্ভার) ফোনে অভিযোগ জানানোর পর বিধায়ককে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেন তাপস মজুমদার। কটাক্ষের সুরে বিজেপি নেতা প্রশ্ন করেন, সিপিআই(এম) ক্ষমতায় না থেকেই যদি বিধায়ক নিজে বুথে ঢুকে বসে থাকতে পারেন, তবে ক্ষমতায় থাকলে সাধারণ মানুষকে আদৌ ভোট দিতে দিতেন কি না। পাশাপাশি নির্বাচনী ফলাফল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তাপস মজুমদার দাবি করেন, বিরোধীদের সবকটি আসনে জামানত জব্দ না হলেও এবারের পুর নির্বাচনে তারা দু’শোর নীচে ভোট পাবে এবং গ্রাউন্ড সার্ভে অনুযায়ী বিজেপির জয় সম্পূর্ণ নিশ্চিত।
