আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || নির্বাচনী লড়াইয়ে রাজনৈতিক পরিচয় আলাদা, দলীয় অবস্থানও সম্পূর্ণ বিপরীত। কিন্তু পুর নির্বাচনের দিন দেখা গেল এক অন্যরকম দৃশ্য। একই স্কুটিতে চেপে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করতে দেখা গেল ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী এবং বাম প্রার্থী বিজয় বিশ্বাসকে।
নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে, তখন দুই ভিন্ন শিবিরের প্রার্থীর এভাবে একই স্কুটিতে যাতায়াতের দৃশ্য স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তাঁদের একসঙ্গে চলার এই ছবি ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।
রাজনৈতিক ময়দানে লড়াই থাকলেও ব্যক্তিগত সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার এমন দৃশ্য নির্বাচনী আবহে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। ত্রিপুরার পুর নির্বাচন ঘিরে দিনের নানা ঘটনার মধ্যে এই ব্যতিক্রমী ছবিও বিশেষভাবে নজর কাড়ল।
