জাতীয় ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী ৷৷ ভারতে পাক হামলার জবাব দিতে ফের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নয়া দিল্লিতে তিন সেনার প্রধানের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন প্রধানমন্ত্রী। দফায় দফায় বৈঠক শেষে ফের ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতার কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনওরকম চাপের কাছে মাথা নোয়াবে না ভারত, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এতদিন পর্যন্ত ভারত শুধু পাকিস্তানের জঙ্গিদেরই জবাব দিচ্ছিল। এবার পাক সেনাকেও জবাব দেওয়ার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। বৈঠকে তিন সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন।এদিন সকালে পাকিস্তান সেনা ভারতীয় বায়ু সীমা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করে। ভারতের সীমা অতিক্রম করে সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা ছিল পাকিস্তানের। কিন্তু ভারতীয় সেনার যোগ্য জবাবে পাকিস্তানের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এই হামলার পরই আজ দিনভর দফায় দফায় তিন সেনার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
