
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷৷ রাজ্যে শেষ হল দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। এদিন লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে ভোট পড়েছে ৮০.৪০ শতাংশ। মঙ্গলবার সন্ধ্যায় এই সাংবাদিক সন্মেলনে রাজ্য নির্বাচন দপ্তর এই তথ্য জানিয়েছে।
জানা যায়, পূর্ব ত্রিপুরা আসনে মোট ভোটার ছিল ১২,৬১,৮৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হল ৬,৪১,৫১৫ জন এবং মহিলা ভোটার হল ৬,২০,৩৪২জন। জানা যায়, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। প্রায় ৮০ শতাংশ পোলিং স্টেশনে ছিল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা।
এদিন ধলাই জেলার রাইমাভ্যালী এলাকার বাইগনছাপাড়া এস বি স্কুলে ভোট দেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা ও তার স্ত্রী। ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মা এবং আই পি এফ টি প্রার্থী এন সি দেববর্মা। তবে এদিন নিজ আসনে ভোট দেন নি বামফ্রন্ট সমর্থিত সি পি আই (এম) প্রার্থী জিতেন্দ্র চৌধুরী।