আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই || রবিবার ত্রিপুরা রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রকের মন্ত্রী জুয়েল ওরাম। এদিন রাজ্যে এসে বিকেলে রাজধানীর রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে যোগ দেব তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলো তুলে ধরেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন রাজ্যে গিয়ে কেন্দ্রীয় প্রকল্প গুলোর অগ্রগতি বিস্তারিত খতিয়ে দেখছেন। কেন্দ্রীয় বাজেট নিয়ে তিনি বলেন, এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গরীব অংশের মানুষের কল্যাণে, কৃষক এবং যুবক যুবতীদের উপর। তিনি বলেন, সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা সবার জন্য করা সম্ভব নয়, তাই সকলকে স্বরোজগারী করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, নর্থ-ইষ্ট স্পেশাল ইনফাস্ট্রাকচার ডেভেলাপমেন্ট স্কিমে ত্রিপুরার জন্য ৪৫৮ কোটি টাকার ১৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ কৃতি সিং দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে ও অন্যান্য আধিকারিকগণ।
