সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ আগস্ট || সাত সকালে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকাজুড়ে চাঞ্চল্য। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠের পাশে।
ঘটনার বিবরণে জানা যায়, এলাকার বাসিন্দা সন্তোষ দেবনাথের ২০ বছর বয়সী ভাগিনা প্রশান্ত দাস গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে প্রাত: ভ্রমণকারিদের নজরে পরে ঝুলন্ত দেহ। খবর পেয়ে তার মামার বাড়ির লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। পরিবার সূত্রে জানা যায়, মৃত প্রশান্ত দাস তার করইলংস্থিত মামার বাড়িতে থাকত। পিতা সঞ্জু দাস দীর্ঘ বছর ধরে নিখোঁজ। সে কোন এক মাংসের দোকানে কাজ করত বলে জানায় তার মামা। শুক্রবার রাতে সে অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল। কোন এক বাড়িতে পদ্ম পোড়ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করে সে। পরে রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাতেই কোন এক সময় হয়তো এই ঘটনা সংঘটিত করেছে বলে ধারনা করা হচ্ছে। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঝুলন্ত দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায়। ঘটনার কারন এখনো জানা যায়নি। পুলিশি তদন্তে আসল কারন বেড়িয়ে আসবে বলেই ধারণা।
