সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ জুন || আবারও চাঞ্চল্য মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। রবিবার রাতের অন্ধকারে কে বা কারা চুপিসারে মাইগঙ্গা পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকে দুই দুইটি তালা ঝুলিয়ে দিল। সোমবার সকালে কাজে যোগ দিতে গিয়ে এই অবস্থা দেখে হতবাক পঞ্চায়েত কর্মীরা।
উল্লেখ্য, গত সপ্তাহেই পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে ক্ষুব্ধ জনতা তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করেছিল। প্রশাসনিক হস্তক্ষেপে সেই তালা খোলা হলেও শান্তি বেশিদিন টেকেনি।
দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তালা ঝুলানোর ঘটনায় কারা জড়িত, তা জানা সম্ভব হয়নি। পঞ্চায়েত ইনচার্জের তরফে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ছুটে আসেন তেলিয়ামুড়া পঞ্চায়েত এক্সটেনশন অফিসার এবং পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে মূল ফটকের তালা ভেঙে পুনরায় শুরু হয় পঞ্চায়েতের কাজকর্ম।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন, “যারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।”
এখনো অজানা, কারা বা কী উদ্দেশ্যে রাতের অন্ধকারে পঞ্চায়েত কার্যালয় তালা বন্ধ করল। এলাকাজুড়ে চলছে জোর চর্চা।
