কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে খোয়াই জেলায় উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারী || খোয়াই জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ জেলা স্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় খোয়াই জেলা শাসকের দপ্তরের নতুন কনফারেন্স হলে এবং এতে সভাপতিত্ব করেন ভারতের অসামরিক বিমান পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্যসূচির মধ্যে ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA), প্রধানমন্ত্রী আবাস যোজনা–গ্রামীণ (PMAY-G), জল জীবন মিশন, স্বচ্ছ ভারত মিশন, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প, সমাজকল্যাণ, কৃষি উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন (TRLM), অবকাঠামো ও সড়ক যোগাযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY), বিদ্যুৎ পরিষেবা এবং নগর উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প।
বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ সহ জেলা বনাধিকারিক, অতিরিক্ত জেলা শাসক, খোয়াই ও তেলিয়ামুড়ার মহকুমা শাসক, জেলা পঞ্চায়েত আধিকারিক, জেলা সমাজকল্যাণ আধিকারিক, জেলা শিক্ষা আধিকারিক, মুখ্য চিকিৎসা আধিকারিক, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রত্যেক দপ্তরকে তাদের সর্বশেষ সাফল্য ও অগ্রগতির রিপোর্ট উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উন্নয়নমূলক প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং জনসাধারণের কাছে পরিষেবার সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*