সাংবাদিক মৃত্যুর ঘটনায় জড়িত মিনিট্রাক আটক, পলাতক চালকের খোঁজে পুলিশ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ মার্চ || সাংবাদিক নন্দন চক্রবর্তীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িত একটি মালবাহী মিনিট্রাক আটক করেছে মনপাথর ফাঁড়ি থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরবেলায় শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় স্কুটি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন সাংবাদিক নন্দন চক্রবর্তী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে সঙ্গে সঙ্গেই তদন্তে নামে মনপাথর ফাঁড়ি থানার পুলিশ।
তদন্তের অগ্রগতিতে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে পশ্চিম পাইখোলা এলাকা থেকে টি আর ০৮ ই ১৬৭৬ নম্বরের একটি মালবাহী মিনিট্রাক আটক করা হয়। ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে, তবে চালক এখনও অধরা।
জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও মিনিট্রাকটি পাইখোলা থেকে উদয়পুরে সবজি কিনতে যাচ্ছিল। সেই সময়ই রাজাপুর এলাকায় নন্দন চক্রবর্তীর স্কুটিতে ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে দ্রুত আটক করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*